দীর্ঘদিন ধরে চলা জল্পনা-কল্পনা, বন্ধুমহলের অনুসন্ধান এবং জাতির গুরুত্বপূর্ণ প্রশ্নের অবশেষে উত্তর মিলেছে। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার “সিনিয়র উপদেষ্টা” মোহাম্মদ রায়হান উদ্দিন ছিদ্দিকী আর সিঙ্গেল নেই। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করে অবশেষে বিয়ে করেছেন তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের একটি ছবি প্রকাশের পরই বিষয়টি সামনে আসে। ছবিতে রায়হানকে কালো পাঞ্জাবি পরে নববধূর পাশে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। নববধূর পরনে নীল রঙের শাড়ি, তাতে সোনালি কারুকাজ। দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে ছোট্ট চৌবাচ্চার দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে। ছবির আবহ দেখে বোঝা যায়, দীর্ঘদিনের ‘সিঙ্গেল জীবন’ থেকে অবশেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন রায়হান।
তবে এই বিয়ে যে হঠাৎ করে হয়েছে, তা মানতে নারাজ তাঁর দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষীরা। কারণ, এর আগে রায়হানকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্নই ছিল, “রায়হান এখনো সিঙ্গেল কেন?” সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কেউ বলেছিলেন লেখালেখির ব্যস্ততা, কেউ বলেছিলেন সংগঠন নিয়ে ব্যস্ততা, আবার কেউ কেউ সন্দেহ করেছিলেন ক্রিকেট নিয়ে অতিরিক্ত আগ্রহকে। কিন্তু শেষ পর্যন্ত সব তত্ত্বকে ভুল প্রমাণ করে রায়হান নিজেই জানিয়ে দিলেন, কলাম, সংগঠন ও ক্রিকেটের পাশাপাশি সংসার নামের একটি অধ্যায়ও তাঁর জীবনে যুক্ত হয়েছে।
ছবি প্রকাশের পর কমেন্ট বক্সেও শুরু হয় অভিনন্দন ও রসিকতার বন্যা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি করেছেন তারেক আল মুনতাছির। তিনি মন্তব্য করেছেন, “এই বিয়ের কাজী ছিলাম।” অন্যদিকে সাব্বির হাসান নিরব সংক্ষিপ্ত কিন্তু ঐতিহাসিক মন্তব্যে লিখেছেন, “মানাইছে বেশ।”
তবে সব অভিনন্দনের মাঝেও নতুন বউয়ের উচ্চতা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েননি এস এম রাইহান উদ্দিন। তাঁর মন্তব্য, “হাইট একটু কম🥱”। এই মন্তব্যের পর রায়হান কোনো পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন কি না, তা এখনো জানা যায়নি।
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত পাত্রীর বিস্তারিত জানা যায় নি। কিন্তু তানজিদ নামে এক নেটিজেন দাবি করেছেন এই পাত্রী তাঁর পূর্ব পরিচিতি।