অসংবাদ

রায়হান এখনো সিঙ্গেল, কারণটা জাতীয় সংকট কি না খতিয়ে দেখা জরুরি

সিঙ্গেলস ক্রাইসিস
ড. গুজব
25 July 2025 28

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন ছিদ্দিকী—নাম শুনলেই মনের মধ্যে ভেসে ওঠে এক শান্ত মুখ, গম্ভীর ভ্রু, আর হাতে ‘বিশ্বের উন্নয়নে তরুণদের ভূমিকা’ শীর্ষক একটি কলাম। কিন্তু এই গাম্ভীর্যের আড়ালেই লুকিয়ে আছে একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন: “রায়হান এখনো সিঙ্গেল কেন?”

চট্টগ্রাম কলেজের ছাত্র তিনি। যেখানে ক্লাসরুম থেকে ক্যান্টিন, লাইব্রেরি থেকে শহরের সিআরবি—সব জায়গাতেই তাঁর পদচারণা। অথচ তার ফেসবুক টাইমলাইনে দেখা যায় না কোনো “Dinner with someone special” পোস্ট, না আছে ইনবক্সের ‘Seen’ ইতিহাস! এটা কি কেবল ব্যস্ততার ফল, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে?

রায়হানের বন্ধুরা বলেন, “ভাই প্রেম করে কি হবে? ও তো সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে!” অর্থাৎ কেউ একজন প্রেম নিবেদন করলেও তিনি হয়তো বলবেন, “আগে ফোরামে যুক্ত হোন, লেখালেখিতে নিয়মিত হোন, ব্যানার পোস্ট করেন, তারপর দেখি…”—এ রকম আত্মত্যাগে সম্পর্ক কেমন জমে?

প্রেমের কথা ভাবতে গেলে যেখানে প্রয়োজন খানিকটা কাব্যিক ভাবনা, সেখানে রায়হান ব্যস্ত বাংলাদেশের ক্রিকেট নিয়ে। একদিন এক মেয়ে তার লেখা পড়ে বলেছিল, “ভালো লেগেছে।” রায়হানের উত্তর: “ধন্যবাদ, তবে আপনি কি ক্রিকেট ম্যাচ এনালাইসিস করতে পারেন?” এরপর থেকেই মেয়েটি হারিয়ে যায় ডিজিটাল গহ্বরে।

অনেকে ছাদে যায় রোদ পোহাতে বা প্রেমিকাকে দেখা দিতে, আর রায়হান যায় “নবীন প্রজন্মের দৃষ্টিতে নাস্তা” নিয়ে ফিচার লেখার অনুপ্রেরণা খুঁজতে। ফলে ছাদে প্রেমের বদলে পাণ্ডিত্যই পল্লবিত হয়।

তবে, একটি গুঞ্জন আছে বলা হয়, একবার একটি মেয়ে তাঁকে বলেছিল, “তুমি অনেক স্মার্ট।” রায়হান উত্তর দিয়েছিলেন, “ধন্যবাদ, তবে আত্মপ্রসাদে ভোগা তরুণদের আমি সমর্থন করি না।” এরপর থেকে আর কেউ সাহস করে কিছু বলেনি।

রায়হান উদ্দিন ছিদ্দিকী হয়তো এখনো সিঙ্গেল, তবে তাঁর দৃষ্টি ‘সম্পর্ক’-এর চেয়েও বড় কিছুতে নিবদ্ধ। ভবিষ্যতে হয়তো কোনোদিন তিনি কলামে লিখবেন, “সম্পর্কে রাজনীতি না আনাই উত্তম”—তারপর হুট করেই হয়তো ‘Committed’ স্ট্যাটাস দিয়ে সবাইকে চমকে দেবেন!

বিশেষ দ্রষ্টব্য: এটি একটি কাল্পনিক রম্য ও স্যাটায়ার ওয়েবসাইট। এখানকার সমস্ত সংবাদ, চরিত্র ও ঘটনা ফিকশন বা রসিকতা মাত্র। বাস্তবের সাথে এর কোনো মিল পাওয়া গেলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়!
শেয়ার করুন: